ন্যূনতম মজুরি, PF-ESI ও নিরাপত্তার দাবিতে সিটি অ্যালয়েসে শ্রমিক বিক্ষোভ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

ন্যূনতম মজুরি, PF-ESI ও নিরাপত্তার দাবিতে সিটি অ্যালয়েসে শ্রমিক বিক্ষোভ

প্রকাশকাল: 29 Sep 2026, 03:32 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজস্ব সংবাদদাতা, সালানপুর:


সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড (PF) ও ESI-এর সুবিধা চালুর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন সিটি অ্যালয়েস প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী এলাকার কদভিটা মহেশপুরে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এর জেরে কারখানার স্বাভাবিক কাজকর্ম আংশিকভাবে ব্যাহত হয় বলে জানা গিয়েছে।


আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের সরকারি নির্ধারিত মজুরির তুলনায় কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে। ফার্নেস-সহ বিভিন্ন বিভাগে কর্মরত তন্ময় টুডু, বিশাল কুমার-সহ শ্রমিকদের দাবি, ৮ ঘণ্টা কাজের জন্য তাঁদের দৈনিক প্রায় ৩০০ টাকা মজুরি দেওয়া হয়। তাঁদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য ন্যূনতম মজুরি এর চেয়ে বেশি। শ্রমিকদের আরও অভিযোগ, অনেক সময় ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়।


শ্রমিকদের আরও দাবি, মাসে ২৬ দিনের কাজ, নির্ধারিত সাপ্তাহিক ছুটি এবং ছুটির দিনের প্রাপ্য ভাতার বিষয়েও দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হয়নি। তাঁদের অভিযোগ, বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।


কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ফার্নেসের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করলেও পর্যাপ্ত সেফটি কিট বা সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয় না। পাশাপাশি PF ও ESI-এর মতো সামাজিক সুরক্ষা সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত বলে দাবি করেছেন।


গত জুলাই মাসের একটি দুর্ঘটনার কথাও তুলে ধরেছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ওই ঘটনায় এক শ্রমিকের আঙুল কেটে যায়। অভিযোগ, দুর্ঘটনার পরও সংশ্লিষ্ট শ্রমিক যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ছুটি বা বিশ্রামের সুযোগ পাননি। বরং চিকিৎসাধীন অবস্থাতেও তাঁকে নিয়মিত কাজ করতে হচ্ছে এবং মাসে মাত্র ৮,০০০ টাকা বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।


শ্রমিকদের একাংশ কারখানার ফোরম্যান রবি কুমার সিং এবং আরও দুই কর্মী সঞ্জয় ও রাকেশের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বিভিন্ন সময়ে শ্রমিকদের গালিগালাজ, হুমকি এবং মারধরের ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।


আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, তাঁদের মূল দাবি চারটি—সরকার নির্ধারিত মজুরি প্রদান, PF ও ESI সুবিধা চালু, কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম প্রদান এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।


দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও কারখানার গেটে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন: