মণিপুরে ফের জঙ্গি হামলা, দু’টি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

মণিপুরে ফের জঙ্গি হামলা, দু’টি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

প্রকাশকাল: 13 Nov 2026, 04:17 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
ইম্ফল-উখরুল সড়কে নিউ হেভেন এলাকায় হামলা, নিহতদের মধ্যে দু’জন মহিলা; আতঙ্কিত এলাকাবাসী





মণিপুরে ফের সশস্ত্র হামলার ঘটনা। শুক্রবার (১৩ নভেম্বর) ইম্ফল-উখরুল সড়কের নিউ হেভেন এলাকায় দু’টি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র জঙ্গিরা। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন।





পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মারুতি সুইফট এবং একটি বোলেরো গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। গাড়ি দু’টির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা গিয়েছে। হামলার জেরে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।





নিহতদের মধ্যে শাংশাক গ্রামের বাসিন্দা কাপাংখুই আরএস ও হাওলেইলা আরএস রয়েছেন। তাঁরা সম্পর্কে ভাই-বোন। অন্যদিকে, তাশার গ্রামের অগাস্ট এনগালুং ও খানমিলারও মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে মা ও ছেলে।





উল্লেখ্য, এই হামলার ঠিক একদিন আগেই কাংপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী তাফৌ কুকি গ্রামের কাছে দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তাতে ৪২ বছর বয়সি এক কুকি মহিলার মৃত্যু হয় এবং আহত হন আরও দু’জন।





পরপর হামলার ঘটনায় মণিপুরের সংশ্লিষ্ট এলাকাগুলিতে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তল্লাশি অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের সন্ধানে বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। তবে এই হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন: