লোডশেডিং ও জলকষ্টে জর্জরিত আসানসোল জেলা হাসপাতাল, স্থায়ী সমাধানে প্রশাসনের দ্বারস্থ সুপার - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

লোডশেডিং ও জলকষ্টে জর্জরিত আসানসোল জেলা হাসপাতাল, স্থায়ী সমাধানে প্রশাসনের দ্বারস্থ সুপার

প্রকাশকাল: 13 Nov 2026, 04:07 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বিদ্যুতের পৃথক জরুরি লাইন তৈরির উদ্যোগ, দামড়া জলপ্রকল্প থেকে জল সরবরাহের প্রস্তাব; যানজট নিয়ন্ত্রণেও চিঠি





আসানসোল: পরিকাঠামোগত একাধিক সমস্যায় জেরবার আসানসোল জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘনঘন লোডশেডিং, পানীয় জলের সংকট, অপরিচ্ছন্নতা এবং হাসপাতাল চত্বরে যানজটের কারণে ব্যাহত হচ্ছে পরিষেবা। রোগী ও তাঁদের পরিজনদের ভোগান্তি কমাতে এবার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হাসপাতালের সুপার তপন বিশ্বাস।





আড়াইশো শয্যার এই হাসপাতালে মূল ভবন ও সুপার স্পেশালিটি ভবনের পাশাপাশি সম্প্রতি চালু হয়েছে লেভেল টু ট্রমা সেন্টার। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ ও ট্রমা সেন্টারের সামনে প্রায়ই যানজট তৈরি হচ্ছে। হাসপাতাল চত্বরের ভিতরে অবৈধ দোকানপাট এবং টোটো-অটোর অবাধ চলাচলেও সমস্যায় পড়ছেন রোগীরা।





হাসপাতালের অন্যতম বড় সমস্যা ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট। জরুরি অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য জেনারেটরের ব্যবস্থা থাকলেও সার্বিক বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। সুপার তপন বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালের জন্য পৃথক জরুরি বিদ্যুৎ সংযোগের প্রস্তাব রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আসানসোল ডিভিশনে পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সেই ব্যবস্থা কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।





পানীয় জলের সমস্যার সমাধানেও উদ্যোগী হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার জানিয়েছেন, দামড়া জলপ্রকল্প থেকে হাসপাতালে পৃথক জলের লাইন দেওয়ার জন্য জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি জলাধার নিয়মিত পরিষ্কার না হওয়ার অভিযোগ পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকেও দু'টি চিঠি দেওয়া হয়েছে।





যানজট নিয়ন্ত্রণে নিয়মিত ট্র্যাফিক পুলিশ মোতায়েনের আবেদন জানিয়ে ট্র্যাফিক ওসিকেও চিঠি দিয়েছেন সুপার। অন্যদিকে, রবিবার ও ছুটির দিনে হাসপাতাল থেকে ছুটি পাওয়া রোগীদের ওষুধ না পাওয়ার সমস্যার সমাধানে নির্দেশিকা জারি করা হলেও শ্রম আইনের কারণে তা এখনও পুরোপুরি কার্যকর করা যায়নি।





চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতিও হাসপাতালের পরিষেবায় প্রভাব ফেলছে। নিউরোসার্জন-সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সিং সুপারের শূন্যপদ পূরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তপন বিশ্বাস। তাঁর আশা, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ হলে অন্য জেলায় রোগী রেফার করার প্রবণতা কমবে। সম্প্রতি কয়েকজন নিরাপত্তাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মীও নিয়োগ করা হয়েছে।





প্রসঙ্গত, প্রায় চার মাস আগে হাসপাতালের দায়িত্ব নিয়েছেন তপন বিশ্বাস। তাঁর দাবি, একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বদলি হওয়ায় নতুন করে হাসপাতালের কাজকর্ম গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকও দীর্ঘদিন হয়নি। নতুন চেয়ারম্যান নিয়োগের পর বৈঠক ডেকে হাসপাতালের বাকি সমস্যাগুলি তুলে ধরে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সুপার।





সব মিলিয়ে বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে চিকিৎসক ও কর্মীর ঘাটতি— একাধিক সমস্যার স্থায়ী সমাধানের অপেক্ষায় আসানসোল জেলা হাসপাতাল। প্রশাসনিক উদ্যোগ কতটা দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রোগী ও তাঁদের পরিজনরা।

শেয়ার করুন: