বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত জেনারেটরে চুল জড়িয়ে মাথার ত্বক উপড়ে গেল গৃহবধূর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত জেনারেটরে চুল জড়িয়ে মাথার ত্বক উপড়ে গেল গৃহবধূর

প্রকাশকাল: 12 Nov 2026, 01:02 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
সংবাদ প্রতিবেদন, নদিয়া: কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত জেনারেটরের ঘূর্ণায়মান চাকায় চুল জড়িয়ে মাথার ত্বক-সহ চুল উপড়ে গুরুতর জখম হলেন এক গৃহবধূ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পেট্রোল পাম্প ও ফুলিয়া হাট সংলগ্ন সার্ভিস রোডে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।





পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম সোমা বিন (২৫)। তিনি শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া বিনপাড়ার বাসিন্দা। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ফুলিয়া বিনপাড়া বারোয়ারির কালীপ্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বয়রা গঙ্গার ঘাটের দিকে রওনা দেন পুজোর উদ্যোক্তা ও এলাকার বাসিন্দারা। শোভাযাত্রায় আলো ও মাইকের বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিমার সঙ্গে একটি জেনারেটরবাহী গাড়িও চলছিল।





অভিযোগ, ওই সময় অসাবধানতাবশত জেনারেটর ইঞ্জিনের একেবারে পাশে বসেছিলেন সোমা। তাঁর চুলও খোলা অবস্থায় ছিল। শোভাযাত্রা চলাকালীন হঠাৎই তাঁর চুল জেনারেটরের ঘূর্ণায়মান চাকা ও যন্ত্রাংশের মধ্যে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে যন্ত্রের টানে মাথার ত্বক-সহ চুলের একটি বড় অংশ উপড়ে যায়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় বিসর্জনের শোভাযাত্রা।





প্রত্যক্ষদর্শী কৃন্তন পালের দাবি, বিসর্জনের মিছিলে প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষ ছিলেন। ওই গৃহবধূ জেনারেটরের পাশে খোলা চুলে বসেছিলেন। আচমকাই তাঁর চুল জেনারেটরের চাকার সঙ্গে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।





খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় সোমাকে উদ্ধার করে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।





এদিকে, বিসর্জনের শোভাযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। চলন্ত জেনারেটরের মতো বিপজ্জনক যন্ত্রের এত কাছে কীভাবে একজনকে বসতে দেওয়া হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন: