দুর্গাপুরে ATM জালিয়াতির অভিযোগ, ব্যাংককর্মীদের তৎপরতায় চাঞ্চল্য! ধাওয়া খেয়ে জঙ্গলে দুই যুবক, পুলিশের তল্লাশি - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

দুর্গাপুরে ATM জালিয়াতির অভিযোগ, ব্যাংককর্মীদের তৎপরতায় চাঞ্চল্য! ধাওয়া খেয়ে জঙ্গলে দুই যুবক, পুলিশের তল্লাশি

প্রকাশকাল: 11 Nov 2026, 02:49 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় মহিলা সমবায় ব্যাংকের ATM-কে কেন্দ্র করে বড়সড় জালিয়াতির অভিযোগ সামনে এল। অন্য ব্যাংকের ATM কার্ড ব্যবহার করে টাকা তোলা এবং পরে সংশ্লিষ্ট ব্যাংকে টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে দুই যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই তৎপর হন ব্যাংকের কর্মীরা। তাঁদের ধরতে গেলে দুই যুবক পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করলে তারা সিটি সেন্টারের কাছে নব ওয়ারিয়া জঙ্গলে ঢুকে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।





কীভাবে চলছিল প্রতারণার কারবার?


ব্যাংককর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে দুই যুবক বিভিন্ন ব্যাংকের ATM কার্ড ব্যবহার করে মহিলা সমবায় ব্যাংকের ATM থেকে টাকা তুলছিল। এরপর সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ জানানো হচ্ছিল যে, তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, অথচ ATM থেকে কোনও টাকা পাওয়া যায়নি।





এই পদ্ধতিতে ATM লেনদেনকে কেন্দ্র করে প্রতারণা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন ব্যাংককর্মীরা।





একদিনে ৬০ হাজার, শনিবার ৪০ হাজার টাকা তোলার অভিযোগ:


ব্যাংককর্মীদের দাবি, একদিনে বিভিন্ন ATM কার্ড ব্যবহার করে প্রায় ৬০ হাজার টাকা তোলা হয়েছিল। এরপর গত শনিবার চারবার কার্ড ব্যবহার করে আরও ৪০ হাজার টাকা তোলার অভিযোগ উঠেছে।





মঙ্গলবার সকালেও দুই যুবক একাধিকবার অন্য ব্যাংকের ATM কার্ড নিয়ে মহিলা সমবায় ব্যাংকের ATM-এ আসে। তাঁদের বারবার যাতায়াত ও সন্দেহজনক কার্যকলাপ দেখে ব্যাংককর্মীদের সন্দেহ হয়।





মহিলা ব্যাংককর্মীদের তৎপরতা, ধাওয়া খেয়ে জঙ্গলে দুই যুবক:


মঙ্গলবার ব্যাংকের মহিলা কর্মীরা ATM কাউন্টারের কাছে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজনকে ধরারও চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দু'জনেই সেখান থেকে পালিয়ে যায়।





ব্যাংককর্মীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে দুই যুবকের পিছু ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুই যুবক নব ওয়ারিয়া জঙ্গলে ঢুকে পড়ে। পুলিশ জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান শুরু করে।





ব্যাংককর্মী রূপা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:


মহিলা সমবায় ব্যাংকের কর্মী রূপা বন্দ্যোপাধ্যায় জানান, বিভিন্ন ব্যাংকের ATM থেকে টাকা তোলার পর সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ জানানো হচ্ছিল যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও ATM থেকে টাকা পাওয়া যায়নি। মঙ্গলবার একই ধরনের ঘটনা নজরে আসতেই তাঁদের সন্দেহ হয়। এরপর দুই যুবককে আটকানোর চেষ্টা করা হলে তারা পালিয়ে যায়।





এই ঘটনায় দুর্গাপুরের ATM নিরাপত্তা এবং ব্যাংকিং লেনদেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে অভিযুক্ত দুই যুবকের পরিচয় এবং তাদের আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। পুলিশের তদন্তের দিকেই এখন নজর।

শেয়ার করুন: