দৃষ্টিহীনতাকে হারিয়ে দাবার বোর্ডে চমক! ৬ রাউন্ডের ৪টিতেই জয়, গুসকরায় বিশেষ সম্মান শম্ভু মুর্মুর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

দৃষ্টিহীনতাকে হারিয়ে দাবার বোর্ডে চমক! ৬ রাউন্ডের ৪টিতেই জয়, গুসকরায় বিশেষ সম্মান শম্ভু মুর্মুর

প্রকাশকাল: 10 Nov 2026, 01:26 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
গুসকরা: চোখে আলো নেই, কিন্তু স্বপ্ন দেখার অদম্য ইচ্ছা রয়েছে। দৃষ্টিশক্তি হারালেও হার মানেননি জীবনের লড়াইয়ে। বরং নিজের মনের জোর, আত্মবিশ্বাস ও অসাধারণ দক্ষতাকে সম্বল করে দাবার বোর্ডে একের পর এক চাল দিয়ে সকলকে মুগ্ধ করলেন হুগলির বৈঁচিগ্রামের ৩২ বছর বয়সি যুবক শম্ভু মুর্মু। পূর্ব বর্ধমানের গুসকরায় কালীপুজো উপলক্ষে আয়োজিত দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ পুরস্কার জিতে নিলেন তিনি।





গুসকরা সংহতি পল্লী কল্যাণ সমিতি ও গ্রিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কালীমন্দির প্রাঙ্গণে এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় দূরদূরান্ত থেকে বহু দাবাড়ু অংশ নেন। তাঁদের সঙ্গে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করেন দৃষ্টিহীন শম্ভু। মোট ছ'টি রাউন্ডের মধ্যে চারটিতে জয়লাভ করেন তিনি। তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়ে যান অন্যান্য প্রতিযোগী থেকে শুরু করে উপস্থিত দর্শকরাও।





শম্ভুর বাড়ি হুগলির বৈঁচিগ্রামে। বর্তমানে তিনি বিশ্বভারতীতে শিক্ষা বিষয়ে গবেষণা করছেন। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করা শম্ভু দাবা খেলার জন্য ব্যবহার করেন বিশেষ ধরনের ব্রেইল দাবার বোর্ড। চোখে দেখতে না পেলেও স্পর্শের অনুভূতি, শ্রবণশক্তি ও স্মৃতিশক্তিকে কাজে লাগিয়েই প্রতিপক্ষের চাল বুঝে নেন তিনি। প্রতিপক্ষের চালের শব্দ ও ঘুঁটির অবস্থান মনে রেখে মনে মনেই তৈরি করে নেন গোটা বোর্ডের ছবি। এরপর নিজের বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে দেন পাল্টা চাল।





শম্ভুর কথায়, প্রযুক্তিগত দিক থেকে দেশ যত এগিয়ে যাচ্ছে, ততই বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করার নতুন নতুন পথ খুলে যাচ্ছে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস এবং নিজের দক্ষতার উপর অটুট বিশ্বাস।





গুসকরার দাবা প্রতিযোগিতায় শম্ভু মুর্মুর এই সাফল্য নিছক একটি পুরস্কার জয়ের ঘটনা নয়। বরং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কীভাবে নিজের প্রতিভা ও ইচ্ছাশক্তির জোরে লক্ষ্যে পৌঁছনো যায়, তারই এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তৈরি করলেন তিনি। চোখে আলো না থাকলেও তাঁর মনের আলো যে অনেককেই পথ দেখাতে পারে, তা আরও একবার প্রমাণ করলেন শম্ভু।

শেয়ার করুন: