নাগেরবাজারের হোস্টেল থেকে তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার, মৃত্যুর আগে স্টেটাসে ‘আমি আর পেরে উঠছি না’ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
কলকাতা

নাগেরবাজারের হোস্টেল থেকে তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার, মৃত্যুর আগে স্টেটাসে ‘আমি আর পেরে উঠছি না’

প্রকাশকাল: 09 Nov 2026, 12:06 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
পরিবারের খুনের অভিযোগ, মৃত্যুর আগে একাধিক হোয়াটসঅ্যাপ স্টেটাসে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন NRS-এর হাউসস্টাফ অভিজিৎ সরকার





কলকাতা: নাগেরবাজারের একটি হোস্টেল থেকে নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণ চিকিৎসক অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর আগে তাঁর একাধিক হোয়াটসঅ্যাপ স্টেটাস ঘিরে তৈরি হয়েছে রহস্য। বিশেষ করে, ‘আমি আর পেরে উঠছি না’—এই বার্তাটি সামনে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, অভিজিতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।





পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ ২০১৮ সালে NRS মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে ওই হাসপাতালেই হাউসস্টাফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। কাজের সূত্রে নাগেরবাজার এলাকার একটি হোস্টেলে থাকতেন।





পরিবারের দাবি, রবিবার তাঁরা অভিজিতের মৃত্যুর খবর পান। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আরও দাবি, মৃত্যুর আগেই অভিজিৎ নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে সেই আতঙ্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি পরিবারের।





মৃত্যুর আগে কী লিখেছিলেন অভিজিৎ?


অভিজিতের একাধিক হোয়াটসঅ্যাপ স্টেটাসে উঠে এসেছে নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কথা। একটি স্টেটাসে তিনি লিখেছিলেন, ‘প্লিজ সতর্ক থাকুন এবং আমাকে বেঁচে থাকতে সাহায্য করুন। আমার দ্রুত সুরক্ষা প্রয়োজন।’





অন্য একটি বার্তায় তিনি জানিয়েছিলেন, তিনি নাগেরবাজারের মডার্ন হোস্টেলে থাকছেন এবং কয়েকজনের আচরণে দিনের পর দিন ভীত হয়ে রয়েছেন। তাঁর সন্দেহ, ওই ব্যক্তিদের মধ্যে কেউ ক্ষমতাশালী হতে পারেন। পাশাপাশি দ্রুত নিরাপত্তা, সহযোগিতা এবং বাড়ি ফেরার নিরাপদ ব্যবস্থা করার আবেদনও জানিয়েছিলেন তিনি।





আরও একটি স্টেটাসে তাঁর লেখা, ‘আমাকে মেরে ফেলবেন না। তবে আপনারা সবাই যদি আমার মৃত্যু চান, তবে আমাকে ঘুমের ওষুধ দিন। আমি ফেসবুকের সব পোস্ট ডিলিট করে দেব।’





তরুণ চিকিৎসকের এই সমস্ত বার্তা সামনে আসার পর একাধিক প্রশ্ন উঠছে। ঠিক কী কারণে তিনি এতটা আতঙ্কিত ছিলেন? কারও কাছ থেকে কি তিনি হুমকি পাচ্ছিলেন? কেনই বা মৃত্যুর আগে বারবার নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন?





তবে অভিজিতের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের খুনের অভিযোগের পাশাপাশি তাঁর মৃত্যুর আগে প্রকাশিত বার্তাগুলির সত্যতা, প্রেক্ষাপট এবং অভিযোগের বিষয়গুলি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে।

শেয়ার করুন: