মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র দলের অধিনায়ক বৈভব সূর্যবংশী! বিহারের নেতৃত্বে নতুন দায়িত্ব তরুণ ক্রিকেটারের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
খেলাধুলা

মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র দলের অধিনায়ক বৈভব সূর্যবংশী! বিহারের নেতৃত্বে নতুন দায়িত্ব তরুণ ক্রিকেটারের

প্রকাশকাল: 07 Nov 2026, 02:28 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
সহ-অধিনায়ক সুরজ কাশ্যপ, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু বিহারের। তবে যুব এশিয়া কাপে যোগ দেওয়ার কারণে সীমিত সময়ের জন্য নেতৃত্ব দিতে পারেন বৈভব।





মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বিসিসিআই আয়োজিত ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার দলকে নেতৃত্ব দিতে চলেছে এই তরুণ ক্রিকেটার। সম্প্রতি বিহার ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বৈভব। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সুরজ কাশ্যপকে।





এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিল বৈভব। যদিও সেই সময় নিয়মিত অধিনায়ক ঈশান কিষান চোট পাওয়ায় বিকল্প হিসেবে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এবার প্রথমবারের মতো বিহারের সিনিয়র দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হল সে। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ট্রায়াল আয়োজনের পর দল চূড়ান্ত করে বিহার ক্রিকেট সংস্থা।





বৈভবের নেতৃত্বের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে বিহার ক্রিকেট সংস্থার সভাপতি হর্ষবর্ধন বলেন, “বৈভব দেখিয়ে দিয়েছে ও কতটা প্রতিভাবান এবং কম বয়সেও কতটা অভিজ্ঞ। আমরা চাই ওর ভিতরের নেতৃত্বের গুণ সামনে আসুক। আশা করি, বৈভবের নেতৃত্বে দল ভালো খেলবে।”





সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরে। আগামী ১৪ নভেম্বর সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বিহার। এরপর ১৬ নভেম্বর রেলওয়েজের মুখোমুখি হবে দল। তবে সূচি অনুযায়ী, এই দুটি ম্যাচেই সম্ভবত অধিনায়ক হিসেবে বৈভবকে পাওয়া যাবে। কারণ, এরপর যুব এশিয়া কাপে অংশ নিতে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।





অন্যদিকে, এত কম বয়সে বৈভবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর। এক ভক্তের প্রশ্নের উত্তরে শচীন জানান, দলীপ ট্রফিতে বৈভবকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত তাঁর মতে কিছুটা তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল।





তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ প্রসঙ্গে শচীনের পরামর্শ, বৈভবকে আরও বেশি করে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ দেওয়া উচিত। তাঁর মতে, ক্রিকেটের বিভিন্ন স্তরে ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই এগিয়ে যাওয়া প্রয়োজন।





মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলের নেতৃত্ব পাওয়ায় বৈভবের ক্রিকেটজীবনে নিঃসন্দেহে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তবে এই দায়িত্ব সামলে আগামী দিনে কতটা সাফল্য পায় ভারতের এই তরুণ প্রতিভা, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।

শেয়ার করুন: