মুণ্ডন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় উলটে গেল যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মৃত ৫, আহত ১৭ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

মুণ্ডন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় উলটে গেল যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মৃত ৫, আহত ১৭

প্রকাশকাল: 07 Nov 2026, 01:06 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
সীতাপুর: উত্তরপ্রদেশের সীতাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সন্তানের মুণ্ডন সংস্কার অনুষ্ঠান সেরে ট্র্যাক্টর-ট্রলিতে চেপে বাড়ি ফিরছিলেন গ্রামের বাসিন্দারা। পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে যায় যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।





পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার পিসাওয়া থানার অন্তর্গত বরগাঁও রাসুলপুর গ্রামের বাসিন্দারা হরদোই জেলার রামপুর এলাকার একটি শিবমন্দিরে মুণ্ডন সংস্কারের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ট্র্যাক্টর-ট্রলিতে চেপে গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।





জানা গিয়েছে, পিসাওয়া থানা এলাকার হিম্মতনগর-চন্দবাপুরের কাছে একটি দ্রুতগতির ট্রাক ট্র্যাক্টর-ট্রলিটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে যায় ট্রলিটি। মুহূর্তের মধ্যে ট্রলির নীচে চাপা পড়ে যান বহু যাত্রী। দুর্ঘটনার পরেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের আর্তনাদে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।





শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্রলির নীচে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত পিসাওয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জনকে সীতাপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যান্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।





পিসাওয়া থানার ইনস্পেক্টর প্রভাত কুমার গুপ্ত জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।





পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ১০ বছরের কাজল, ৫০ বছরের সুশীলা, ২২ বছরের রুবি এবং ৪০ বছরের সুনীতা। চারজনই বরগাঁও গ্রামের বাসিন্দা। পঞ্চম মৃতার পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৮ বছর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃত ও আহতদের সকলেই একই গ্রামের বাসিন্দা বলে খবর।





একটি পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠান শেষে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল গ্রামবাসীদের। কিন্তু পথে ভয়াবহ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। একাধিক পরিবারের সদস্যদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং ট্রাকটির চালকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন: