পুরুলিয়া শহরেই নেই পাকা রাস্তা! অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হচ্ছে চাদরে মুড়ে, ক্ষোভে ফুঁসছেন ৬০টি পরিবার - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

পুরুলিয়া শহরেই নেই পাকা রাস্তা! অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হচ্ছে চাদরে মুড়ে, ক্ষোভে ফুঁসছেন ৬০টি পরিবার

প্রকাশকাল: 05 Nov 2026, 01:45 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
পুরুলিয়া, ৫ নভেম্বর: প্রত্যন্ত গ্রাম নয়, পাহাড়ের দুর্গম এলাকাও নয়। খোদ পুরুলিয়া শহরের মধ্যেই আজও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে ডুলি করে। ন্যূনতম পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পুরুলিয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের চিড়াবাড়ি বস্তির বাসিন্দারা। রাস্তা, পানীয় জল ও পথবাতির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এলাকার অন্তত ৬০টি পরিবার।





বুধবার এই সমস্যার এক মর্মান্তিক ছবি সামনে আসে। নাককাটা কালীমন্দির সংলগ্ন এলাকায় পুনা বাউড়ি নামে এক বৃদ্ধা গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা চাদরে মুড়ে প্রায় ২০০ মিটার রাস্তা বয়ে নিয়ে যান। এরপর তাঁকে একটি টোটোয় তোলা সম্ভব হয়। শহরের মধ্যে এমন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।





স্থানীয় বাসিন্দা বেলা বাউড়ির অভিযোগ, এলাকায় ফাঁকা জমি থাকলেও তৈরি হয়নি কোনও পাকা রাস্তা। ফলে কোনও যানবাহন সহজে এলাকায় ঢুকতে পারে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় গর্ভবতী মহিলাদের। এবড়ো-খেবড়ো রাস্তা দিয়ে তাঁদের কোলে করে নিয়ে যাওয়ার সময় পথেই একাধিক মহিলার প্রসব হওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁর।





আর এক বাসিন্দা ঝুমা বাউড়ির অভিযোগ, এলাকায় যেমন পাকা রাস্তা নেই, তেমনই নেই নিকাশি ব্যবস্থাও। বারবার পুরসভায় জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাসিন্দা অজয় বাউড়ির কথায়, জন্মের পর থেকেই এলাকার এই দুরবস্থা দেখে আসছেন তাঁরা। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।





উল্লেখ্য, বর্তমানে কোনও নির্বাচিত বোর্ড না থাকায় দীর্ঘদিন ধরেই প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুরুলিয়া পুরসভা।





এই পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেছেন পুরুলিয়া জেলা বিজেপির অন্যতম মুখপাত্র জয়দীপ চট্টোরাজ। তাঁর আশ্বাস, আগামী দিনে বিজেপির পুরবোর্ড গঠিত হলে পুর এলাকার প্রতিটি জায়গায় পাকা রাস্তা তৈরি করা হবে।





অন্যদিকে, বিষয়টি জেলাশাসক সুধীর কণ্ঠমের নজরে আনা হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।





শহরের বুকে উন্নয়নের ছবি নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন চিড়াবাড়ি বস্তির বাসিন্দাদের একটাই দাবি—অসুস্থ রোগীকে যেন আর চাদরে মুড়ে হাসপাতালে নিয়ে যেতে না হয়।

শেয়ার করুন: