কাঁচরাপাড়ায় স্কুলের সামনেই রক্তারক্তি! নবম শ্রেণির পড়ুয়াকে কাঁচি দিয়ে হামলার অভিযোগ দশমের ছাত্রের, বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত আরও এক - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

কাঁচরাপাড়ায় স্কুলের সামনেই রক্তারক্তি! নবম শ্রেণির পড়ুয়াকে কাঁচি দিয়ে হামলার অভিযোগ দশমের ছাত্রের, বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত আরও এক

প্রকাশকাল: 05 Nov 2026, 01:12 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কাঁচরাপাড়া, ৫ নভেম্বর: স্কুল ছুটির পর টিউশন যেতে গিয়ে ভয়াবহ ঘটনার মুখে পড়ল দুই নবম শ্রেণির পড়ুয়া। পুরনো বচসার জেরে এক দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর উপর কাঁচি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বন্ধুকে বাঁচাতে গিয়ে কাঁচির আঘাতে রক্তাক্ত হয়েছে নবম শ্রেণির আরও এক ছাত্র। বুধবার বিকেলে কাঁচরাপাড়ার বাগমোড়ের শিবতলা লেনের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।





জানা গিয়েছে, তিনজনই ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া। স্কুলের নবম শ্রেণির ছাত্র সত্যম কুমার যাদব এবং তার বন্ধু নৈতিক সাউ স্কুল ছুটির পর টিউশনে যাওয়ার জন্য বেরিয়েছিল। সেই সময় গালিগালাজ করাকে কেন্দ্র করে নবম শ্রেণির এক পড়ুয়ার সঙ্গে দশম শ্রেণির এক ছাত্রের বচসা শুরু হয়।





প্রত্যক্ষদর্শীদের দাবি, বচসার মধ্যেই দশম শ্রেণির ওই ছাত্র দুই পড়ুয়ার রাস্তা আটকায়। এরপর কথা কাটাকাটি চলাকালীন স্কুলব্যাগ থেকে কাগজ কাটার কাঁচি বের করে সত্যমের উপর হামলা চালায় বলে অভিযোগ। তার কপাল এবং মাথার পিছনে কাঁচি দিয়ে আঘাত করা হয়।





বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে নবম শ্রেণির আরেক ছাত্র নৈতিক সাউ। অভিযোগ, তাকেও কাঁচি দিয়ে আঘাত করে অভিযুক্ত। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে দুই পড়ুয়া। পরিস্থিতি দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্কুল কর্তৃপক্ষ এবং আশপাশে থাকা অভিভাবকরা। তাঁরাই আহত দুই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।





খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হালিশহর থানার পুলিশ। আহতদের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। এদিকে ঘটনার পর অভিযুক্ত ছাত্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।





ছেলের অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার:


আহত সত্যমের বাবা উপেন্দ্রকুমার যাদব জানান, ঘটনার দিন তাঁর ছেলে স্কুলে যায়নি। বন্ধুর সঙ্গে টিউশনে যাওয়ার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছিল। স্কুল ছুটির পর বন্ধুর সঙ্গে যাওয়ার সময়ই দশম শ্রেণির ওই ছাত্রের সঙ্গে বচসা হয়। এরপরই ব্যাগ থেকে কাঁচি বের করে তাঁর ছেলের মাথায় আঘাত করা হয়।





তাঁর দাবি, ছেলের মাথায় দুই থেকে তিন জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে। চিকিৎসা চলায় তখনও ছেলের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। ছেলের শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।





অন্যদিকে, অপর আহত ছাত্রের বাবাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, বচসা হলে হাতাহাতি হতে পারে, কিন্তু স্কুলের পড়ুয়ারা ব্যাগে করে কাঁচি বা ধারালো জিনিস নিয়ে ঘুরবে, তা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে অন্য কোনও পড়ুয়ার সঙ্গে এমন ঘটনা না ঘটে, তার জন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।





স্কুলের ভিতরে তদন্তে পুলিশ:


স্কুলের নবম শ্রেণির পড়ুয়া অনুজ সিংয়ের দাবি, স্কুল ছুটির পর সকলে যখন টিউশনে যাচ্ছিল, তখন সত্যমকে লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করে দশম শ্রেণির ছাত্র সুশোভন। গালিগালাজের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। এরপরই কাগজ কাটার কাঁচি বের করে সত্যমের উপর হামলা চালায় সুশোভন বলে অভিযোগ।





পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্কুলের ভিতর ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত অন্যান্য পড়ুয়া ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে এই বচসা এবং কীভাবে স্কুলব্যাগে কাঁচি এল, তা খতিয়ে দেখছে পুলিশ।





স্কুলের সামনেই পড়ুয়াদের মধ্যে এমন হিংসাত্মক ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্কুলের নিরাপত্তা ও পড়ুয়াদের মধ্যে এই ধরনের আচরণ রুখতে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

শেয়ার করুন: