খড়্গপুর স্টেশনে কোটি টাকার রহস্য! যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ, টাকা গুনতে আনা হল মেশিন - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

খড়্গপুর স্টেশনে কোটি টাকার রহস্য! যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ, টাকা গুনতে আনা হল মেশিন

প্রকাশকাল: 05 Nov 2026, 01:00 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক যাত্রী। সঙ্গে ছিল তিনটি ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের! উদ্ধার হল নগদ ১ কোটি ৪০ লক্ষ টাকা। বিপুল পরিমাণ টাকা গুনতে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মেই আনতে হল টাকা গোনার মেশিন। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খড়্গপুর স্টেশনে।





পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাহুল সোনি (৩৬)। তিনি হাওড়ার বাসিন্দা। বুধবার সকাল প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ সম্বলপুর এক্সপ্রেস থেকে নেমে খড়্গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিল দু’টি হ্যান্ডব্যাগ এবং একটি নীল রঙের ব্যাকপ্যাক।





প্ল্যাটফর্মের হাওড়া প্রান্তের কাছে ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে জিআরপির টহলদারি দলের। এরপর এক সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে পুলিশকর্মীরা তাঁকে আটক করে তল্লাশি শুরু করেন। খড়্গপুর জিআরপির আইসি অভিজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ব্যাগগুলি পরীক্ষা করতেই বেরিয়ে আসে ৫০০ টাকার নোটের ২৮০টি বান্ডিল।





এরপরই প্ল্যাটফর্মে আনা হয় টাকা গোনার মেশিন। গণনার পর দেখা যায়, উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা। গোটা তল্লাশি ও টাকা উদ্ধারের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি ই-সাক্ষ্য পোর্টালেও সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়েছে।





পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৭(২), ৩১৭(৫) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করেছে খড়্গপুর জিআরপি। রাহুল সোনিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।





খড়্গপুরের এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই ব্যক্তির কাছ থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এত বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে আয়কর দফতরকেও খবর দেওয়া হয়েছে। আয়কর দফতরের আধিকারিকরাও তদন্তে যোগ দেবেন বলে জানা গিয়েছে।





এখন তদন্তকারীদের মূল প্রশ্ন, এত বিপুল পরিমাণ নগদ টাকার উৎস কী এবং এই অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সেই রহস্যের উত্তর খুঁজতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন: