কালিম্পংয়ে পানীয় জলের সঙ্কট মেটাতে বড় উদ্যোগ সাংসদ রাজু বিস্তার! ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের খরচ দেবেন নিজের বেতন থেকে - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

কালিম্পংয়ে পানীয় জলের সঙ্কট মেটাতে বড় উদ্যোগ সাংসদ রাজু বিস্তার! ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের খরচ দেবেন নিজের বেতন থেকে

প্রকাশকাল: 05 Nov 2026, 12:24 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কালিম্পং: পাহাড়ি শহর কালিম্পংয়ে পানীয় জলের সঙ্কট মেটাতে বিশেষ উদ্যোগ নিলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা। আপাতত আগামী ১৫ দিন ট্যাঙ্কারের মাধ্যমে শহরবাসীর কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু আশ্বাসই নয়, এই ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের যাবতীয় খরচ নিজের সাংসদ হিসেবে পাওয়া বেতন থেকে বহন করার ঘোষণাও করেছেন রাজু বিস্তা।





বুধবার কালিম্পং পুরসভা এলাকায় চলতে থাকা পানীয় জলের সমস্যা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী, জেলাশাসক, পুরসভার প্রশাসক-সহ জেলা প্রশাসন ও পুরসভার আধিকারিকরা। বৈঠকে জলসঙ্কটের বর্তমান পরিস্থিতি এবং দ্রুত সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।





বৈঠক শেষে রাজু বিস্তা জানান, জলাধারের পলি অপসারণ, মেরামতি ও সংস্কারের কাজের জন্যই বর্তমানে কালিম্পং পুরসভা এলাকায় পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে। তবে বিকল্প জল সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা না করেই সংশ্লিষ্ট দফতর সংস্কারের কাজ শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।





সাংসদ জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে জলাধারের পলি অপসারণ, মেরামতি ও সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যাতে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়তে না হয়, তার জন্য প্রতিদিন ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে। এই পরিষেবা চালু রাখতে প্রয়োজনীয় সমস্ত খরচ তিনি নিজের বেতন থেকে দেবেন বলে জানিয়েছেন।





তবে রাজু বিস্তার উদ্যোগের লক্ষ্য শুধু বর্তমান জলসঙ্কটের সাময়িক সমাধানেই সীমাবদ্ধ নয়। আগামী ১০০ বছরেও যাতে কালিম্পংয়ের মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখেই জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্থায়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।





পাহাড়ে পানীয় জল, নিকাশি ও অন্যান্য নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন সাংসদ। এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী সিপিএম ও তৃণমূল সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেন তিনি। পাশাপাশি পাহাড়কে পরিচ্ছন্ন, সবুজ ও উন্নত করে তোলার লক্ষ্যে বিজেপি কাজ করছে বলেও দাবি করেন রাজু বিস্তা।





বর্তমানে কালিম্পংয়ের বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়মিত পানীয় জল পাওয়া। আগামী ১৫ দিনের ট্যাঙ্কার পরিষেবা এবং দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের আশ্বাস বাস্তবে কতটা স্বস্তি দিতে পারে, এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী।

শেয়ার করুন: