আসানসোলকে আধুনিক শহর গড়তে কড়া পদক্ষেপ অগ্নিমিত্রা পালের, প্রতি সোমবার কাজের রিপোর্ট দিতে হবে আধিকারিকদের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোলকে আধুনিক শহর গড়তে কড়া পদক্ষেপ অগ্নিমিত্রা পালের, প্রতি সোমবার কাজের রিপোর্ট দিতে হবে আধিকারিকদের

প্রকাশকাল: 31 Oct 2026, 12:12 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: আসানসোলকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার আসানসোল পুরনিগমের কার্যালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে পুর আধিকারিকদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, শহরের উন্নয়নমূলক কাজে আর কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।





এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। গত ছয় মাসে পুরনিগমের বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী। শহরের রাস্তাঘাট, পথবাতি, সাফাই ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং ফুটপাতের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।





প্রতি সোমবার দিতে হবে কাজের রিপোর্টঃ


পুর আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা পাল। প্রতিটি বিভাগকে মাসিক কাজের রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি প্রতি সোমবার কাজের অগ্রগতি সম্পর্কে তাঁকে বিস্তারিত জানাতে হবে। কোন কাজ সম্পন্ন হয়েছে, কোন কাজ এখনও আটকে রয়েছে এবং আগামী দিনে কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার স্পষ্ট হিসাব দিতে হবে আধিকারিকদের।





বেহাল রাস্তা ও খারাপ পথবাতি মেরামতের নির্দেশঃ


শহরের রাস্তাঘাটের বেহাল দশা এবং খারাপ পথবাতি নিয়ে কড়া অবস্থান নেন মন্ত্রী। কোনও রাস্তা যাতে দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় পড়ে না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের সমস্ত বিকল পথবাতি দ্রুত মেরামত করার উপরেও জোর দেওয়া হয়। রাতের শহরে যাতে অন্ধকারের কারণে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।





বাড়ি বাড়ি থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহে জোরঃ


শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ, নিকাশি নালা পরিষ্কার এবং ফাঁকা জমিতে জমে থাকা আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা পাল। পুরনিগমের সাফাই ব্যবস্থায় যাতে কোনও ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





দীর্ঘদিন বন্ধ থাকা দুটি মাতৃসদন পুনরায় চালুর উদ্যোগঃ


শহরের স্বাস্থ্য পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। কোন কোন নগর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন এবং কোথায় চিকিৎসকের অভাব রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দুটি মাতৃসদন পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবায় সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।





ফুটপাত দখলমুক্ত করতে দুটি এলাকায় পাইলট প্রকল্পঃ


শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ফুটপাত কোনও দোকানের ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং সাধারণ মানুষের হাঁটাচলার অধিকার রয়েছে সেখানে। তাই ফুটপাতের উপর থেকে বেআইনি দখল সরিয়ে পথচারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।





এই লক্ষ্যে দুটি এলাকাকে পাইলট প্রকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রথমটি কালীপাহাড়ি থেকে মনোজ সিনেমা হল পর্যন্ত এবং দ্বিতীয়টি জাতীয় সড়ক ১৯-এর জুবিলি মোড় থেকে বার্নপুর স্কোব গেট পর্যন্ত। এই দুটি রাস্তায় ফুটপাতকে আদর্শ রূপে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।





শুধু পুরনিগম নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবেঃ


বৈঠক শেষে অগ্নিমিত্রা পাল বলেন, শুধুমাত্র পুরনিগমের উদ্যোগে একটি শহরকে সুন্দর করে তোলা সম্ভব নয়। এর জন্য নাগরিকদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। তবে তার আগে পুরনিগমের আধিকারিকদের নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।





শহরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, সাফাই ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য পরিষেবা সচল রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার মতো বিষয়গুলিকে সামনে রেখে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই নির্দেশগুলি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে আসানসোলবাসীর।

শেয়ার করুন: