অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে পোকা! অন্ডালের সিদুলিতে ICDS কেন্দ্র ঘিরে চাঞ্চল্য - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে পোকা! অন্ডালের সিদুলিতে ICDS কেন্দ্র ঘিরে চাঞ্চল্য

প্রকাশকাল: 28 Oct 2026, 01:28 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
পশ্চিম বর্ধমানের খাঁদ্রা গ্রাম পঞ্চায়েতের ২৪০ নম্বর ICDS কেন্দ্রে চাল ও ডালে পোকা পাওয়ার অভিযোগ। খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন তুলে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি নেতার।





অন্ডাল, ২৮ অক্টোবর: শিশুদের অপুষ্টি দূর করতে সরকারি উদ্যোগে চালানো হয় ICDS বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অথচ সেই কেন্দ্রেই শিশুদের জন্য বরাদ্দ খাবারের গুণমান নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের খাঁদ্রা গ্রাম পঞ্চায়েতের সিদুলি এলাকার ২৪০ নম্বর ICDS কেন্দ্রে শিশুদের পরিবেশনের জন্য রাখা চাল ও ডালে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে।





কেন্দ্রে পৌঁছলেন বিজেপি নেতা, উঠল একাধিক প্রশ্নঃ


ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা বিজেপির মণ্ডল-৩ সভাপতি ইন্দ্র সেন সিদুলির ওই ICDS কেন্দ্রে পৌঁছন। চাল ও ডালে পোকা পাওয়ার অভিযোগ নিয়ে তিনি কেন্দ্রের সহায়িকার কাছে জানতে চান। তবে তাঁর প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ।





কেন্দ্রের সহায়িকা জ্যোৎস্না বাউড়ির দাবি, কেন্দ্রের প্রধান শিক্ষিকা প্রায়ই সেখানে আসেন না। ফলে তাঁকেই অধিকাংশ কাজ সামলাতে হয়। চাল ও ডালের গুণমান সম্পর্কে তাঁর বিশেষ ধারণা নেই বলেও জানান তিনি। সহায়িকার আরও দাবি, খাবারে পোকা নজরে আসার পর ওই দিন শিশুদের খাবার দেওয়া হয়নি।





ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর উদ্যোগঃ


এই ঘটনার ভিডিও তৈরি করে ICDS বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা ইন্দ্র সেন। শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রীর গুণমান অবিলম্বে পরীক্ষা করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি উঠেছে।





বিভাগীয় বক্তব্য মেলেনি, তদন্ত নিয়ে প্রশ্নঃ


ঘটনাটি সামনে আসার পর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ICDS বিভাগের তরফেও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ফলে অভিযোগের বিষয়ে প্রশাসনের অবস্থান এখনও স্পষ্ট নয়।





শিশুদের পুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত কেন্দ্রে খাদ্যসামগ্রীর গুণমান কীভাবে পরীক্ষা করা হয়, তা নিয়েও প্রশ্ন উঠছে। চাল ও ডালে পোকা পাওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ করা হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে অভিভাবকরা।





শিশুদের খাবারের নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।

শেয়ার করুন: