কুনুর নদীতে দূষণের ভয়াবহ ছবি! মাছের পর এবার ভেসে উঠল সাপ ও পাখির মৃতদেহ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

কুনুর নদীতে দূষণের ভয়াবহ ছবি! মাছের পর এবার ভেসে উঠল সাপ ও পাখির মৃতদেহ

প্রকাশকাল: 28 Oct 2026, 12:00 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বর্ধমান: ফের দূষণের কবলে আউশগ্রামের কুনুর নদী। গত বৃহস্পতিবার নদীর জল কালো হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক হারে মাছের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার নদীর জলে ভেসে উঠল মৃত সাপ ও জলচর পাখির দেহ। নদীর এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবেশপ্রেমীদের মধ্যে। তাঁদের আশঙ্কা, নদীর বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।





স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই কুনুর নদীর বিভিন্ন ঘাটে জল কুচকুচে কালো হয়ে থাকতে দেখা যায়। নদীর জল থেকে ছড়িয়ে পড়ে তীব্র রাসায়নিকের দুর্গন্ধ। জলের উপর ভেসে থাকতে দেখা যায় শয়ে শয়ে মৃত পাবদা, বোয়াল ও ট্যাংরা মাছ। তবে এবার শুধু মাছ নয়, মৃত সাপ ও জলচর পাখির দেহও ভেসে উঠতে দেখা যায়। এই দৃশ্য দেখে নতুন করে আতঙ্ক ছড়ায় এলাকায়।





উল্লেখ্য, গত বৃহস্পতিবার আচমকাই কুনুর নদীর জলের রং কালো হয়ে গিয়েছিল। তার পর থেকেই নদীতে ব্যাপক হারে মাছের মৃত্যু শুরু হয়। মঙ্গলবার ফের একই ধরনের ঘটনা সামনে আসায় নদীর জলে বিষাক্ত রাসায়নিক মিশে যাওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। যদিও ঠিক কী কারণে নদীর জলের রং পরিবর্তন হচ্ছে এবং জলজ প্রাণীদের মৃত্যু হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।





দূষণের আশঙ্কার মধ্যেও নদীতে মাছ ধরার ভিড়ঃ


নদীর এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মাছ ধরতে মানুষের ভিড় কমেনি। মৃত মাছ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার বিভিন্ন ঘাটে মাছ ধরতে ভিড় জমান আট থেকে আশি—বিভিন্ন বয়সের মানুষ। দূষিত জলে মাছ ধরার এই ছবি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দূষণের প্রকৃতি নিশ্চিত না হওয়া পর্যন্ত নদীর জল ও মাছের সংস্পর্শে আসা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন সচেতন মহল। দূষিত জল বা মাছের সংস্পর্শে এলে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।





প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্নঃ


বারবার একই ধরনের দূষণের ঘটনা ঘটলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর জল ও মৃত মাছের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দূষণের উৎস চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।





পরিবেশবিদদের আশঙ্কা, নদীর দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণীর পাশাপাশি নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রা ও পরিবেশের উপরও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কীভাবে দূষিত হচ্ছে কুনুর নদী এবং এই বিপর্যয় রুখতে প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ করবে?

শেয়ার করুন: