মালদায় ৩০ বছর ধরে রাস্তা নেই, রোগীকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য গ্রামবাসীরা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

মালদায় ৩০ বছর ধরে রাস্তা নেই, রোগীকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য গ্রামবাসীরা

প্রকাশকাল: 27 Oct 2026, 04:59 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
উপশিরোনাম: হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ব্লকপাড়া গ্রামে চরম দুর্ভোগ, ১০০-র বেশি পরিবারের যাতায়াত কার্যত বন্ধ, ব্লক অফিস থেকে ৭০০ মিটার দূরেও মেলেনি রাস্তা





মালদা, হরিশ্চন্দ্রপুর: দেশজুড়ে ‘বিকশিত ভারত’-এর ডাক দেওয়া হচ্ছে, কিন্তু তার উল্টো ছবি মালদার হরিশ্চন্দ্রপুরে। এখানে আজও অসুস্থ রোগীকে অ্যাম্বুল্যান্সে নয়, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এমনই এক হৃদয়বিদারক ঘটনার ৩৩ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সামনে এসেছে ব্লকপাড়া গ্রামের দীর্ঘ তিন দশকের যন্ত্রণা। যদিও ভাইরাল খবরটির সত্যতা 365 CITY NEWS স্বাধীনভাবে যাচাই করেনি।





জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্লকপাড়া গ্রামে প্রায় একশোরও বেশি পরিবারের বাস। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে গ্রামে ঢোকার কোনও পাকা রাস্তা নেই।





পুকুরে তলিয়ে গেছে রাস্তা, রাতে চলাচলেও বিপদ:


স্থানীয়দের দাবি, বহু বছর আগে গ্রামে প্রবেশের যে কাঁচা রাস্তাটি ছিল, তা এখন পুকুরের গর্ভে চলে গিয়েছে। বর্তমানে যে সরু আলপথ রয়েছে, তা এতটাই বিপজ্জনক যে দিনের বেলাতেও চলাচল করা দায়। রাতের অন্ধকারে হাঁটতে গিয়ে একাধিকবার গ্রামবাসী পুকুরে পড়ে আহত হয়েছেন বলেও অভিযোগ।





সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই গ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর-১ ব্লক অফিসের দূরত্ব মাত্র ৭০০ মিটার। ব্লক অফিসের নাকের ডগায় থেকেও বছরের পর বছর ধরে এই বঞ্চনার শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।





গ্রামে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, মোটরবাইক, সাইকেল, এমনকী টোটো পর্যন্ত ঢুকতে পারে না। ফলে কেউ গুরুতর অসুস্থ হলে বা কোনও গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা উঠলে একমাত্র ভরসা খাটিয়া।





ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা:


গ্রামের বাসিন্দা বাবলু ঘোষ বলেন, “আমাদের গ্রামে কোনও রাস্তা নেই। কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা গর্ভবতী মহিলার প্রসবযন্ত্রণা উঠলে তাঁকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হয়। সাইকেল পর্যন্ত ঠিকভাবে ঢোকে না। রাতে পুকুরে পড়ে যাওয়ার ভয় থাকে। ৩০ বছর ধরে একই অবস্থা।”





আরেক বাসিন্দা মানা দাসের কথায়, “গ্রামে কোনও গাড়ি ঢুকতে পারে না। অ্যাম্বুল্যান্স, মোটরবাইক, টোটো কিছুই ঢোকে না। ৩০-৩৫ বছর ধরে এই সমস্যা। আমরা সরকারের কাছে শুধু একটা রাস্তা চাই।”





গ্রামবাসীদের আরও অভিযোগ, ভোট এলেই নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটলেই সব প্রতিশ্রুতি ভুলে যান।





প্রশাসনের প্রতিক্রিয়া:


এই ঘটনায় ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান বিডিও ধ্রুবাশিস সামন্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে, বিষয়টি নজরে এসেছে এবং দ্রুত পদক্ষেপ করা হবে।





অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিবুর রহমান জানিয়েছেন, তিনি ভাইরাল ভিডিওটি দেখেছেন। কয়েক দিনের মধ্যেই গ্রামে গিয়ে রাস্তা নির্মাণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি প্রাক্তন বিধায়কের আমলে উন্নয়নে গাফিলতির অভিযোগও তুলেছেন তিনি।





হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাসওয়ানও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। দ্রুত রাস্তা নির্মাণের জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।





একদিকে উন্নয়নের ফানুস, অন্যদিকে ব্লক অফিস থেকে কয়েকশো মিটার দূরে গ্রামবাসীর এই দুর্দশা— এই বৈপরীত্যই এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে। প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের অপেক্ষায় ব্লকপাড়ার মানুষ।

শেয়ার করুন: