আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি কংগ্রেসের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি কংগ্রেসের

প্রকাশকাল: 26 Oct 2026, 01:49 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
এডিএম (এলআর)-এর কাছে লিখিত অভিযোগ প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পুইতণ্ডীর; তদন্তের পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি





আসানসোল, ২৬ অক্টোবর: আসানসোলের ৪১ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রণবীর সিং ওরফে জিতু সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।





পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক প্রসেনজিৎ পুইতণ্ডী গত ২৭ জুন ২০২৬ তারিখে পশ্চিম বর্ধমানের এডিএম (এলআর)-এর কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। ওই চিঠিতে আসানসোলের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণবীর সিং ওরফে জিতু সিংয়ের বিরুদ্ধে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ তোলা হয়েছে।





অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসানসোলের দক্ষিণ ধাদকা মৌজার অন্তর্গত সংশ্লিষ্ট পুকুরটির জমির পরিমাণ আনুমানিক দুই বিঘা। চিঠিতে জমির প্লট নম্বর ৫৭৩ এবং আরএস খতিয়ান নম্বর ১৬১৮-এর উল্লেখ রয়েছে। বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস।





প্রদেশ কংগ্রেসের তরফে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে পুকুর ভরাটের ঘটনায় কারা জড়িত, তা চিহ্নিত করতে হবে। পাশাপাশি, এই ধরনের বেআইনি কাজের পিছনে কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনিক আধিকারিকের ভূমিকা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে।





চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, উচ্চপর্যায়ের রাজনৈতিক প্রভাব এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের সহায়তায় এ ধরনের বেআইনি কার্যকলাপ সংঘটিত হয়ে থাকতে পারে। এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সমানভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কংগ্রেস।





এ ছাড়াও, চিঠির একটি অনুলিপি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ করে, সেই দাবিও জানিয়েছে প্রদেশ কংগ্রেস।





তবে, অভিযোগপত্রে উত্থাপিত বিষয়গুলি এখনও অভিযোগের পর্যায়ে রয়েছে। পুকুর ভরাটের ঘটনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এই বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং অভিযুক্ত পক্ষের বক্তব্যের দিকেই এখন নজর রয়েছে।





৩৬৫ সিটি নিউজের পক্ষ থেকে জানানো হচ্ছে, অভিযোগের বিষয়ে প্রশাসন ও অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে তুলে ধরা হবে।

শেয়ার করুন: