ডেডলাইন শেষেও পোস্ট সংশোধন নয়! ‘ওরা যা করবে, তার জন্য আমি প্রস্তুত’, নিজের অবস্থানে অনড় বিকাশরঞ্জন - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

ডেডলাইন শেষেও পোস্ট সংশোধন নয়! ‘ওরা যা করবে, তার জন্য আমি প্রস্তুত’, নিজের অবস্থানে অনড় বিকাশরঞ্জন

প্রকাশকাল: 11 Oct 2026, 06:57 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল/কলকাতা: ৩৬৫ সিটি নিউজ





Bikash Ranjan Bhattacharya: ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট সংশোধন করেননি সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরং নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপই করা হোক না কেন, তিনি তার জন্য প্রস্তুত।





বিকাশরঞ্জনের কথায়, “গুন্ডামি ছাড়া, খিস্তি দেওয়া শব্দ ব্যবহার করা ছাড়া ওরা যা করবে, তার জন্য আমি প্রস্তুত।” তাঁর দাবি, কোনও ব্যক্তির পরিচয় ও কর্মকাণ্ডের ভিত্তিতেই তিনি ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এর মাধ্যমে সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করা তাঁর উদ্দেশ্য নয় বলেই বক্তব্য সিপিএম নেতার।





কী বললেন বিকাশরঞ্জন?





নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিকাশরঞ্জন বলেন, “যিনি গুন্ডা, তিনি হিন্দুত্ববাদের প্রচার করেছেন। সেজন্যই বলা হয়েছে হিন্দুত্ববাদী গুন্ডা। ইসলামিক সন্ত্রাসী হলে তাঁকে আমরা ইসলামিক সন্ত্রাসবাদ বলি। তার মানে এই নয় যে ইসলামটাই সন্ত্রাসবাদী।”





তাঁর বক্তব্য, কোনও নির্দিষ্ট ব্যক্তির কাজের সমালোচনাকে গোটা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা যুক্তিসঙ্গত নয়। মুখ্যমন্ত্রী সমাজ বলতে কী বোঝেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, হিন্দুত্বের সঙ্গে সমাজের সম্পর্ক ব্যাখ্যা করতে হলে তার ঐতিহাসিক, সামাজিক ও ভৌগোলিক ভিত্তি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।





সুকান্ত মজুমদারের পাল্টা আক্রমণ





অন্যদিকে, বিকাশরঞ্জনের মন্তব্যের বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিকাশরঞ্জন যে স্বাধীনতা নিচ্ছেন, অন্য ধর্মের স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রেও কি তিনি একই অবস্থান নিতে পারবেন?





বহুবিবাহ ও হালাল-সহ বিভিন্ন বিষয় নিয়ে অন্য ধর্মের প্রসঙ্গে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দেন সুকান্ত। তাঁর দাবি, অন্য ধর্ম নিয়ে এ ধরনের মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ধর্মীয় উন্মাদনার মুখে পড়তে হতে পারে।





এর জবাবে বিকাশরঞ্জন বলেন, অন্য ধর্ম নিয়ে কথা বলার প্রয়োজন তিনি দেখছেন না। তাঁর মতে, নিজের ধর্মের মধ্যে থাকা ভুলত্রুটি ও মৌলবাদী প্রবণতা নিয়ে সমালোচনা করার অধিকার তাঁর রয়েছে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে তিনি বলেন, সমাজ সংস্কারের ক্ষেত্রে নিজের সমাজ ও ধর্মের অভ্যন্তরীণ সমস্যাগুলি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ।





কীভাবে শুরু বিতর্ক?





ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার ভোরে। পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।





ঘটনার পর ফেসবুকে একটি পোস্টে বিকাশরঞ্জন লেখেন, ভোর পাঁচটা নাগাদ মোটরবাইকে করে আসা কয়েকজন তাঁর বাড়িতে মদের বোতল ছুড়ে জানলার কাচ ভেঙে পালিয়ে যায়। অল্পের জন্য তাঁর কাজের সহায়িকা রক্ষা পেয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। ওই পোস্টেই তিনি অভিযুক্তদের ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ বলে উল্লেখ করেন।





এই শব্দবন্ধ ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিরোধিতার মুখে পোস্ট সংশোধনের দাবি ওঠে।





২৪ ঘণ্টার সময়সীমা, তারপর কী?





বিকাশরঞ্জনের পোস্ট নিয়ে কড়া অবস্থান নেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ‘হিন্দুত্ববাদী’ শব্দ ব্যবহারের মাধ্যমে হিন্দু সমাজকে আক্রমণ করা হয়েছে। পোস্ট সংশোধনের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, তা না করা হলে কলকাতা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে পোস্ট সরানোর অনুরোধ জানানোর কথা বলেন তিনি।





এছাড়াও, বিকাশরঞ্জনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আইন অনুযায়ী পদক্ষেপের কথাও জানানো হয়।





তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কোনও নির্দিষ্ট ব্যক্তির কাজের সমালোচনা আর গোটা ধর্মকে আক্রমণ করা এক বিষয় নয়।





এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক আরও তীব্র হয়েছে। একদিকে ধর্মীয় পরিচয় ও সামাজিক সংবেদনশীলতার প্রশ্ন, অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলবাদের সমালোচনার অধিকার—এই দুইয়ের সংঘাতেই এখন কেন্দ্রে বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্য।

শেয়ার করুন: