জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পার্কিংয়ে দুর্ভোগ, রাস্তায় নেমে প্রতিবাদ এলাকাবাসীর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পার্কিংয়ে দুর্ভোগ, রাস্তায় নেমে প্রতিবাদ এলাকাবাসীর

প্রকাশকাল: 21 Sep 2026, 12:56 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: নিউ আপার চেলিডাঙ্গা শিব মন্দির রোডের মুখে দীর্ঘদিন ধরে জেলা রেজিস্ট্রি অফিস থাকায় রাস্তার দু’দিকে মোটরবাইক পার্কিংয়ের কারণে চরম সমস্যায় পড়েছেন শিব মন্দির, ধর্মপল্লী ও ধ্রুবডাঙ্গা এলাকার বাসিন্দারা। বিশেষ করে সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে চারচাকা গাড়ি, অ্যাম্বুলেন্স ও ছোট মালবাহী গাড়ি চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক সময় যানবাহন ওই রাস্তা দিয়ে যাতায়াতই করতে পারে না বলে অভিযোগ এলাকাবাসীর।


স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার কথা বলা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।


সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি আটকে পড়ে। এর ফলে দু’দিকের যান চলাচলই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তায় নেমে জড়ো হন এবং স্থানীয় পুলিশ প্রশাসন, আসানসোল সাউথ পুলিশ ফাঁড়িতে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ আধিকারিকরা জেলা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে সমস্যাটি নিয়ে আলোচনা করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নজরে আনা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, জেলা রেজিস্ট্রারের পক্ষ থেকে ওই এলাকাটিকে ‘নো-পার্কিং জোন’ হিসেবে পরিচালনার জন্য সিভিক ভলান্টিয়ার মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সমস্যাটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।


এদিকে, অফিসটি অন্যত্র স্থানান্তরের দাবিতেও উদ্যোগ নিয়েছেন এলাকাবাসীরা। প্রায় এক মাস আগে গণস্বাক্ষর-সম্বলিত একটি আবেদনপত্র আসানসোল উত্তরের বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি এবং জেলা শাসকের কাছে জমা দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।


দীর্ঘদিনের এই যানজট ও পার্কিং সমস্যার দ্রুত সমাধান হবে এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক হবে—এই আশাতেই রয়েছেন শিব মন্দির, ধর্মপল্লী ও ধ্রুবডাঙ্গা এলাকার বাসিন্দারা।

শেয়ার করুন: