বর্ধমানে ট্রেন থেকে নেমে বিএসএফ জওয়ানদের বিক্ষোভ, জল-এসি নিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

বর্ধমানে ট্রেন থেকে নেমে বিএসএফ জওয়ানদের বিক্ষোভ, জল-এসি নিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশকাল: 07 Oct 2026, 06:25 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বর্ধমান স্টেশনে রেলের পরিষেবা নিয়ে ক্ষোভে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখালেন বিএসএফ জওয়ানদের একাংশ। অভিযোগ, দীর্ঘ যাত্রাপথে ট্রেনের কামরায় পর্যাপ্ত জল ছিল না, এমনকি বাথরুমেও জল পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি দীর্ঘ সময় এসি ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম অস্বস্তিতে পড়তে হয় জওয়ানদের।





নিউ জলপাইগুড়ি থেকে দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল বিএসএফ জওয়ানদের নিয়ে একটি বিশেষ ট্রেন। সোমবার সন্ধ্যায় যাত্রা শুরু করার পর মঙ্গলবার বিকেল ৩টা ২৭ মিনিট নাগাদ ট্রেনটি বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। ট্রেন থামতেই একের পর এক জওয়ান নেমে আসেন। কারও হাতে বালতি, কারও হাতে বোতল, আবার কেউ জগ নিয়ে স্টেশনে জল খুঁজতে ছুটে যান।





জওয়ানদের অভিযোগ, ট্রেন ছাড়ার পর থেকেই একাধিক সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় এসি কাজ না করায় গরমে অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। এর পাশাপাশি কামরায় পর্যাপ্ত জল না থাকায় বাথরুম ব্যবহার করতেও সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ পরিষেবা ঠিক না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়।





অভিযোগ, বিষয়টি রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও দ্রুত সমস্যার সমাধান হয়নি। বর্ধমানে পৌঁছনোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়তে দেওয়া হবে না বলেও জওয়ানদের একাংশ জানিয়ে দেন।





এরপর রেল কর্তৃপক্ষের সঙ্গে জওয়ানদের আলোচনা শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে টানাপোড়েন। শেষ পর্যন্ত রেলের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে জওয়ানরা ফের ট্রেনে ওঠেন। এরপর ট্রেনটি দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা দেয়।





রেলের তরফে অবশ্য সমস্যার কারণও ব্যাখ্যা করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, এসি কাজ না করার খবর পেয়ে ইঞ্জিনিয়াররা ট্রেনটি পরীক্ষা করেন। তাঁর দাবি, ট্রেন চলার সময় ব্যাটারি চার্জ হয়। কিন্তু পথে অল্প দূরত্বে বারবার থামতে হওয়ায় ব্যাটারি পর্যাপ্ত চার্জ পায়নি। ফলে এসি পরিষেবা ব্যাহত হয়। ট্রেন একটানা চলতে শুরু করলে সমস্যা মিটে যাওয়ার কথা বলেও জানানো হয়।





জলের সমস্যা নিয়ে রেলের বক্তব্য, অতিরিক্ত ব্যবহারের কারণে ট্রেনের জল শেষ হয়ে গিয়েছিল। বর্ধমান স্টেশনে সেই মুহূর্তে জল ভরার ব্যবস্থা না থাকায় সমস্যা তৈরি হয়। পরে খড়গপুরে ট্রেনে জল ভরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।





বিএসএফ জওয়ানদের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে যাওয়া বিশেষ ট্রেনেই যদি জল, বিদ্যুৎ ও এসির মতো ন্যূনতম পরিষেবা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে রেলের পরিষেবা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছেই। বর্ধমানের এই ঘটনায় সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে

শেয়ার করুন: