আসানসোলে ফিরতে পারে সাইকেল শিল্প? সেনরেলের জমি ঘিরে নতুন উদ্যোগের দাবি - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোলে ফিরতে পারে সাইকেল শিল্প? সেনরেলের জমি ঘিরে নতুন উদ্যোগের দাবি

প্রকাশকাল: 06 Oct 2026, 04:07 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: দীর্ঘ ২৫ বছর ধরে বন্ধ সেনরেল সাইকেল কারখানা। একসময় ‘বলাকা’ ও ‘হ্যামার’ সাইকেলের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল আসানসোলের এই কারখানা। ২০০১ সালে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এলাকার শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হয়েছে শূন্যতা। এবার সেই বন্ধ কারখানার জমিতেই নতুন করে সাইকেল কারখানা গড়ে তোলার দাবি উঠল।





আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠে রাজ্যের ‘সারথি’ প্রকল্পের আওতায় পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি শুধু পড়ুয়াদের উৎসাহিত করেননি, আসানসোলকে ফের সাইকেল উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও সরব হন। অনুষ্ঠানে নিজেও সাইকেল চালিয়ে দেখেন তিনি এবং পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।





অগ্নিমিত্রা পাল বলেন, সাইকেল এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাজ্যে ‘সারথি’ প্রকল্পের সাইকেল তৈরি হলে আসানসোলে কেন তৈরি হবে না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জমি ও আইনি জটিলতা কাটিয়ে সেনরেলের পুরনো জমিতেই নতুন সাইকেল কারখানা তৈরির বিষয়ে প্রশাসনিক উদ্যোগ নেওয়া যেতে পারে।





১৯৫২ সালে পথচলা শুরু করেছিল সেনরেল সাইকেল কারখানা। একসময় এই কারখানার তৈরি ‘বলাকা’ ও ‘হ্যামার’ সাইকেলের যথেষ্ট চাহিদা ছিল। প্রাক্তন কর্মীদের দাবি, কারখানার পরিকাঠামোর একটা অংশ এখনও রয়েছে। তবে নতুন করে কারখানা চালু করতে হলে যন্ত্রপাতি, পরিকাঠামো ও বিনিয়োগের প্রয়োজন হবে।





সেনরেলের প্রাক্তন কর্মী দিলীপ মুখোপাধ্যায় বলেন, কারখানার পরিকাঠামোর উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন হলেও কারখানা ফের চালু হলে এলাকার অর্থনীতি, কর্মসংস্থান ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তাঁর দাবি, একসময় সেনরেলের সাইকেলের বাজারে যথেষ্ট চাহিদা ছিল।





স্থানীয় বাসিন্দা শিল্পী বন্দ্যোপাধ্যায়ের কথাতেও উঠে এসেছে কর্মসংস্থানের প্রত্যাশা। তাঁর মতে, কারখানা ফের চালু হলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।





ফলে ‘সারথি’ প্রকল্পের সাইকেল উৎপাদনকে কেন্দ্র করে আসানসোলের পুরনো সেনরেল কারখানার জমিতে নতুন শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। তবে জমি, আইনি জটিলতা, বিনিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্ত—সবকিছু অতিক্রম করেই এই পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করতে হবে।

শেয়ার করুন: