নির্বাচন সদন অভিযানে পুলিশের বাধা, রাস্তায় বসে পড়লেন রাহুল-প্রিয়ঙ্কা-অখিলেশ-অভিষেকরা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

নির্বাচন সদন অভিযানে পুলিশের বাধা, রাস্তায় বসে পড়লেন রাহুল-প্রিয়ঙ্কা-অখিলেশ-অভিষেকরা

প্রকাশকাল: 06 Oct 2026, 11:52 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার দিল্লিতে পথে নামলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। সংসদ ভবনের মকরদ্বার থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-সহ বিরোধী দলের একাধিক নেতা।


মিছিল কিছুটা এগোতেই নীতি আয়োগের অফিসের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। পুলিশের বাধার প্রতিবাদে রাস্তায় বসেই বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা। মিছিল থেকে বারবার শোনা যায়— ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান।


বিরোধীদের নির্বাচন সদন অভিযান ঘিরে সকাল থেকেই দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তিন হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়। মোট ৩১ কোম্পানি পুলিশ মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে চার কোম্পানি মহিলা পুলিশও ছিল।


সংসদ ভবন, পার্লামেন্ট স্ট্রিট, নির্বাচন সদনের আশপাশের এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি দফতরের সামনে ব্যারিকেড বসানো হয়। বিভিন্ন মেট্রো স্টেশনেও বাড়ানো হয় নজরদারি।


পুলিশের বাধার পর সমাজবাদী পার্টির কয়েক জন সাংসদ ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখান। সেখান থেকেই তাঁরা স্লোগান দিতে থাকেন।


কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে অভিযোগ করেন, “আমাদের লড়াই অবিচারের বিরুদ্ধে। স্বাধীনতার পর পাওয়া সর্বজনীন ভোটাধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে।” তাঁর আরও অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার সরকারের প্রভাবাধীন হয়ে কাজ করছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে বলেও জানান তিনি।


অন্যদিকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অতীতের অভিযোগের প্রসঙ্গ তুলে সরব হন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, ২০১৭, ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


বিরোধীদের এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।

শেয়ার করুন: